লাইসেন্স-ফিটনেস ছাড়াই মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছিল লক্করঝক্কর বাসটি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন লেগে চারজন নিহত ঘটনায় মামলা দায়ের হয়েছে। এরই দুর্ঘটনাকবলিত বাস মালিককে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, আরও একবছর আগে বাসটির ফিটনেসের মেয়াদ শেষ হয়েছিল। এমনকি ওই বাস চালকের ভারী যান চালানোর লাইসেন্সও দেখাতে পারেনি।
এই ঘটনায় সর্বশেষ শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় রাজধানীর সায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে বাস মালিক ইউসুফ মাঝিকে আটক করে হাইওয়ে পুলিশ। আটক ইউসুফ মাঝি বরিশালের বাবুগঞ্জ থানার কেদারপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ২০২৫ সালের মার্চে গাড়িটির ফিটনেসের মেয়াদ শেষ হয়। ফিটনেস না থাকায় সে সময় হাইওয়ে পুলিশ মামলাও দেয়। তবু এই অবস্থাতেই লক্করঝক্কর বাসটি সড়কে চলাচল করছিল। দুর্ঘটনা কবলিত বাসটি আপন ভাগিনাকে চালাতে দেওয়া হয়েছিল। এমনকি ওই চালকের ভারী যান চলাচলের লাইসেন্স দেখাতে পারেনি। পুলিশি জেরার মুখে ওই হালকা যানবাহনের লাইসেন্স দেখাতে পেরেছেন বাস মালিক ইউসুফ মাঝি।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, বাসটির চালক অদক্ষ, বাসটি ফিটনেস ছিল মেয়াদউত্তীর্ণ। এর দায় মালিক এড়াতে পারেন না। তাছাড়া এ ঘটনায় সড়ক পরিবহন আইনে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা হয়েছে। মালিককে আটক করা হয়।
আটক হওয়া বাস মালিক। ছবি: সংগৃহীত
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সংঘর্ষের পর ওই বাসে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহত হন অন্তত আরও ২৬ জন।
দুর্ঘটনার পর স্থানীয়রা জানিয়েছিলেন, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারানো যাত্রীবাহী একটি বাস অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর উল্টে যায়। এসময় পাশের একটি মোটরসাইকেলে ওপর পড়ে বাসটি। এরপর মুহূর্তেই বাসে আগুন ধরে যায়। বাসে আগুন লাগায় তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা চালাতে পারেননি স্থানীয়রা। শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।



