বিজ্ঞাপন
বাংলাদেশ

মৌলভীবাজার সীমান্তে ভারতীয় উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরকসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখায় ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার বিস্ফোরক ও অস্ত্রের মধ্যে রয়েছে- ২৪টি পাওয়ারজেল নাইনটি উচ্চ বিস্ফোরক টিউব (ভারতের এসবিএল এনার্জি লিমিটেড, নাগপুরে প্রস্তুত করা), ২৩টি ডেটোনেটর (বিস্ফোরক ডিভাইস), ১৫ মিটার ডেটোনেটর কর্ড এবং তিনটি পাইপগান।

বিজিবি জানায়, সোমবার দিবাগত রাতে সীমান্ত পিলার নম্বর ১৩৭৫/এম সংলগ্ন এলাকা দিয়ে বিস্ফোরক ও অস্ত্রশস্ত্রসহ দুর্বৃত্তদের অনুপ্রবেশের খবর পেয়ে অভিযানে নামে বিজিবি। বিজিবির অভিযান টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুই থেকে তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরক ও অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক।

বিজ্ঞাপন

বিয়ানীবাজার ৫২-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সব গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম ও অবৈধ অস্ত্র প্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button