রাওয়ালপিন্ডির পর ইসলামাবাদেও ১৪৪ ধারা জারি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঘোষিত বিক্ষোভ ঠেকাতে রাওয়ালপিন্ডির পর ইসলামাবাদেও ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকেই শহরে সব ধরনের সভা, সমাবেশ, র্যালি ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জননিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, কারা প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগের বিভিন্ন চেষ্টা লক্ষ্য করা গেছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। জেলখানায় সাক্ষাৎ সংক্রান্ত বিষয় সম্পূর্ণভাবে কারা প্রশাসনের দায়িত্ব, এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়।
ইমরান খানের দুই ছেলের ভিসা ইস্যু প্রসঙ্গে তিনি জানান, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা প্রদান করা হবে। এছাড়া তিনি সতর্ক করেছেন, সন্ত্রাসীরা পরিচয় গোপন করতে সোশ্যাল মিডিয়া অ্যাপ ও ভিপিএন ব্যবহার করছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার পাকিস্তান টেলিকমিউনিকেশন অথোরিটির (পিটিএ) সঙ্গে কাজ করছে।
আজকের পিটিআইয়ের ঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে ইসলামাবাদে পুলিশসহ নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রাখা হয়েছে। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনারও ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সেখানে ১৪৪ ধারা জারি করেছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, কেপি সরকারের সরকারি সম্পদ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেছেন, কেপি মুখ্যমন্ত্রী সরকারি সম্পদ রাজনৈতিক কাজে ব্যবহার করবেন না। পিটিআই ইমরান খানের সাক্ষাৎ সুবিধা সীমিত হওয়ায় ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভের ডাক দিয়েছে।



