বিজ্ঞাপন
বাংলাদেশ

‘মুক্তিপণ’ দিয়ে সুন্দরবনে বাড়ি ফিরলো অপহৃত ৩ জেলে

অপহরণের ৮ দিন পর মুক্তিপণের বিনিময়ে জলদস্যু বাহিনীর কবল থেকে তিন জেলে বাড়ি ফিরে এসেছেন বলে জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবীরা।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে বলেশ্বর নদী সংলগ্ন পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা স্লুইস বাজারে নামিয়ে দেয় অন্য ট্রলারের জেলেরা।

ফিরে আসা জেলেরা হলেন, বাগেরহাট জেলার রামপাল উপজেলার তালবুনিয়া গ্রামের মোসলেম আলী মোল্লার ছেলে মো. কচি মোল্লা (৪৫), সেরেপতলা গ্রামের আজিত মৃধার ছেলে খিরোদ মৃধা (২৮) ও গাববুনিয়া গ্রামের কাওছার শেখের ছেলে আ. সালাম শেখ।

বিজ্ঞাপন

ভুক্তভোগীরা জানান, প্রতি বছরের মতো এবছরও শুটকি মৌসুমে সুন্দরবনের শেলা এলাকায় নুরুল ইসলামের মালিকানায় ৫ মাসের জন্য কাজে যান তারা। গত ১৯ জানুয়ারি ওই শুঁটকি পল্লী থেকে জলদস্যুরা তাদের অপহরণ করে। দীর্ঘ ৮ দিন জলদস্যুরা তাদের আস্তানায় আটকে রাখে‌। পরে মালিক নুরুল ইসলামের সঙ্গে জলদস্যুরা মোবাইল ফোনের মাধ্যমে সমঝোতা করার পর তাদের ছেড়ে দেওয়া হয়। তবে কত টাকার বিনিময়ে তাদের ছাড়া হয় তা জানাতে পারেননি উদ্ধার হওয়া জেলেরা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জলদস্যুদের হাত থেকে ফিরে আসা জেলেরা প্রথমে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তবে সরকারি কাজে তিনি বাইরে থাকায় দেখা করতে পারেনি। পরে আমরা তাদের ট্রলার মালিক সমিতির খরচে তাদের বাড়িতে স্বজনদের কাছে পাঠিয়ে দিয়েছি।

এদিকে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনের শেলা এলাকা থেকে জেলেদের অপহরণ কিংবা মুক্তিপণের বিনিময়ে ফিরে আসার কোনো অভিযোগ করা হয়নি। এমনকি বিষয়টি কেউ জানায়ও নি।

ইউএনও ইশরাত জাহান এবং পাথরঘাটা থানার মংচ্যাংলা মারমা বলেন, জেলেদের অপহরণের বিষয়টি কেউ জানায়নি। মুক্তিপণ নিয়ে ফিরে আসার বিষয়েও কেউ জানায়নি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button