বরগুনার জেলা প্রশাসক কক্ষে ঢুকে হামলা, যুবক আটক

বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কক্ষে ঢুকে হামলা চালিয়েছেন এক যুবক। এতে ডিসি কার্যালয়ের গোপনীয় শাখার অফিস সহকারী (সিএ) মো. জহিরুল ইসলাম আহত হন। পরে হামলাকারী যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম মো. ইব্রাহীম (৩০)। তিনি বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাঁশবুনিয়া এলাকার মো. ইউনুস দফাদারের ছেলে।
বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সকালে সরকারি কাজে বরগুনার তালতলী উপজেলায় যান জেলা প্রশাসক তাছলিমা আক্তার। সে সময় তার কক্ষটি ফাঁকা ছিল। এমন অবস্থায় ১৫ ইঞ্চি আকারের একটি সেলাই রেঞ্জ হাতে নিয়ে হঠাৎ ওই কক্ষে প্রবেশ করেন ইব্রাহীম।
এ সময় ডিসির সিএ মো. জহিরুল ইসলাম তাকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ইব্রাহীম সেলাই রেঞ্জ দিয়ে আঘাত করে জহিরুলকে আহত করেন। পরে কার্যালয়ে কর্তব্যরত অন্যান্য কর্মীরা ইব্রাহীমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আহত জহিরুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।



