নদীতে মাছ ধরতে এসে মিলল ৮টি ককটেল সাদৃশ্য বস্তু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার পুনর্ভবা নদীর পাড় মহন্ত ঘাট থেকে ৮টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক ।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
ওসি আব্দুল বারিক জানান, রোববার সকালে জেলেরা পুনর্ভবা নদীতে মাছ ধরতে এসে মহন্ত ঘাটে মুরানো অবস্থায় দুটি ব্যাগ দেখতে পান। পরে ব্যাগের ভিতরে ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুটি ব্যাগের ভিতর থেকে ৮টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেন। সেখান থেকে ওই বস্তুগুলো উদ্ধার করে গোমস্তাপুর থানায় নিয়ে যান।
তিনি আরও বলেন, ‘প্রাথমিক ভাবে উদ্ধার হওয়া বস্তুগুলো বিস্ফোরক কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বস্তুগুলো যাচাই-বাছাইয়ের জন্য রাজশাহী থেকে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষার করার পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। তবে তদন্ত চলছে।’
এদিকে জনবসতি এলাকার ঘাটে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।



