ফেনীতে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় বিজিবির তৎপরতা, চলছে তল্লাশি-টহল

বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন ফেনীর বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত থেকেই সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি কার্যক্রম ও টহল বৃদ্ধি করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজিবি-৪ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বিজিবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে টহল ও চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। বিজিবির উদ্যোগে পুলিশের সঙ্গে বেশ কয়েকটি স্থানে যৌথ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
এরমধ্যে রয়েছে- পরশুরাম উপজেলার বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয় এলাকা, পরশুরাম উপজেলার আলাউদ্দিন চৌধুরী নাসিম কলেজ এলাকা, ছাগলনাইয়া উপজেলার জিরো পয়েন্ট এলাকা, ছাগলনাইয়া উপজেলার শুভপুর ব্রিজ এলাকা এবং ফুলগাজী উপজেলার আমজাদের হাট এলাকা।
ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, সীমান্ত এলাকায় যেকোনো অপরাধ, অনুপ্রবেশ এবং নিয়ম বহির্ভূতভাবে সীমান্ত অতিক্রম রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত সংক্রান্ত যেকোনো অপরাধমূলক তথ্য পেলে বিজিবি ও পুলিশকে অবহিত করে সহায়তা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।



