বিজ্ঞাপন
বাংলাদেশ

ট্রাকভর্তি বিদেশি মদ ঢাকায় নেওয়ার পথে ৩ কারবারি আটক

শেরপুর থেকে ট্রাকে করে বিদেশি মদ ঢাকায় নেওয়ার পথে ৩ কারবারিকে আটক করেছে র‍্যাব। এ সময় তল্লাশি করে ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে র‍্যাব-১৪ জামালপুর কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় আটকরা হলেন—শেরপুর জেলার ঝিনাইগাতী থানা রোড এলাকার মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. নুরুল আমিন (৩৪)।

র‍্যাব সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার শেরপুরের মোকছেদপুর নয়াপাড়া এলাকা থেকে একটি ট্রাকে করে বিদেশি মদ নিয়ে বকশীগঞ্জ হয়ে ঢাকার দিকে পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। র‍্যাবের একটি দল মোকছেদপুর নয়াপাড়া নন্দীর বাজার থেকে বকশীগঞ্জগামী পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে।

বিজ্ঞাপন

ট্রাকটি চেকপোস্টে পৌঁছালে থামার সংকেত দেওয়া হলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে চালক পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক ধাওয়া ও অভিযানে ট্রাকসহ তিনজনকে আটক করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ১ হাজার ৩০১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

জামালপুর র‍্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল-রাজেক বলেন, শেরপুর সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে ট্রাকে করে ভারতীয় বিদেশি মদ রাজধানী ঢাকায় নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ হাজার ৩০১ বোতল মদ জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button