চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে রাতের আঁধারে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই ১৭ জন বাংলাদেশি নাগরিককে রাতের আঁধারে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সর্বশেষ বুধবার (১৪ জানুয়ারি) ভোরে বিজিবির বিভিষণ বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম।
বিজিবি সূত্র জানায়, আটক সবাই বাংলাদেশি নাগরিক এবং তারা খুলনা ও যশোর জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কাজের সন্ধানে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করে এবং গত ৫ থেকে ৬ বছর ধরে ভারতের আগ্রা জেলায় বসবাস করছিল। সেখানে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং প্রায় তিন বছর কারাভোগের পর পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে।
পরবর্তীতে বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা চাড়ালডাংগা সীমান্তের ২১৯/২৯-আর নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে মঙ্গলবার গভীর রাতে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে বিজিবির টহল দল তাদের আটক করে।
লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, বুধবার ভোরে সীমান্ত এলাকা থেকে বিজিবি তাদের আটক করে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



