বিজ্ঞাপন
বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের ভারতীয় সীমান্তে কাস্তে হাতে ভাইরাল সেই কৃষককে সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চলতি বছরের জানুয়ারিতে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে বাধা দেওয়া হলে চৌকা সীমান্তে উত্তেজনা শুরু হয়। সেদিন কাস্তে হাতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন স্থানীয় কৃষক বাবুল আলী।

জিরোলাইনের কাছে তার এই সাহসী অবস্থান ভাইরাল হয়েছিল সে সময়। ভাইরাল সেই কৃষককে বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ মহানন্দা রহনপুর বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। এতে খুশি হয়ে বিজিবিকে ধন্যবাদ জানান বাবুল।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ‌‘সীমান্ত আইন’ অমান্য করে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির পক্ষ থেকে এ কাজে বাধা দেওয়া হলে চৌকা সীমান্তে উত্তেজনা শুরু হয়। এসময় মাটির বাংকারে অবস্থান নেওয়া বিজিবি সদস্যদের পেছনে কাস্তে হাতে অবস্থান নেন স্থানীয় কৃষক বাবুল আলী। মুহূর্তেই ওই কৃষকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়।

বিজ্ঞাপন

বাবুল বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতের বিএসএফ মাটি খনন করছিল, এসময় বাধা দেয় বিজিবি। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এজন্য আমরা গ্রামের মানুষ বিজিবির পাশে দাঁড়িয়েছিলাম। কারণ দেশের মাটি কাউকে দখল করতে দেব না। এমনকি দেশ বাঁচাতে গিয়ে প্রাণ দিতেও দ্বিধা করব না।

সংবর্ধনা দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন মাসুদ, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আব্দুল্লাহ আল আসিফ, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button