বিজ্ঞাপন
বাংলাদেশ

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের ঘটনায় যুবক আটক

খুলনায় মহানগর ও জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে গুলি ও কুপিয়ে ফজলে রাব্বী রাজন ও হাসিব হাওলাদার হত্যাকাণ্ডে  জড়িত থাকার সন্দেহে মো. রিপন (৩৬) নামে একজনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত সোমবার রাতে নগরীর রূপসার চাঁনমারী এলাকার চর স্কুল গলিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলায় জড়িত সন্দেহে মো. রিপন নামে একজনকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে মামলা হলে তাকে সম্পৃক্ত করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া ভিডিও ফুটেজ দেখে জড়িতদের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত রোববার দুপুরে খুলনার জেলা ও দায়রা জজ আদালতের প্রধান গেটের সামনের জনাকীর্ণ সড়কে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদারকে। তারা খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পলাশ বাহিনীর সদস্য হিসেবে পরিচিত ছিলেন। এই জোড়া হত্যার সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর মাদক ব্যবসা নিয়ে কোন্দল ও আধিপত্য বিস্তারসহ চারটি কারণ সামনে রেখে তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে।

বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button