বিজ্ঞাপন
বাংলাদেশ

এভারকেয়ারের সামনে নিরাপত্তা জোরদার, আসছেন নেতা-কর্মীরা

দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন। এজন্য আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল সোমবারের তুলনায় আজ বেশি পুলিশ–র‍্যাব সদস্যকে মোতায়েন থাকতে দেখা গেছে।

সকাল নয়টার দিকে দেখা যায়, কয়েকজন নেতা–কর্মী হাসপাতালে সামনে এসে জড়ো হয়েছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সংখ্যা বাড়তে থাকে। হাসপাতালের সামনের সড়কে নিরাপত্তা ব্যারিকেড বসিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। পুলিশ ও র‍্যাবের বেশ কিছু সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়। গতকাল পর্যন্ত সেখানে কোনো ব্যারিকেড ছিল না।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এ ব্যবস্থা। বর্তমানে এখানে প্রায় ৫০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

হাসপাতালের সামনে জড়ো হওয়া নেতা–কর্মীরা জানাচ্ছেন, তারা জানেন যে খালেদা জিয়াকে দেখার সুযোগ পাবেন না, তবুও মন থেকে একটি টান তাদের এখানে এনেছে। তারা অন্তত এসে তার জন্য দোয়া করতে এবং খোঁজ নিতে চান।

বরিশালের উজিরপুর থেকে এসেছেন নজরুল ইসলাম। তিনি বলেন, ‘দেখতে পাব না, তবুও আসলাম। মনটা হালকা লাগবে ভেবে। ছোটবেলা থেকেই খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা আছে। আমি বিএনপির কোনো পদে নেই। পদ চাইনি কখনো। তবে খালেদা জিয়াকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি। তিনি সুস্থ হবেন এটাই প্রত্যাশা।’

উত্তরা থেকে এসেছেন বিএনপি নেতা সোহেলী পারভিন শিখা। তিনি বলেন, ‘এত দিন আসিনি, কারণ নিয়মিত খোঁজখবর পাওয়া যাচ্ছিল। গতকাল থেকে হঠাৎ ম্যাডামের বিষয়ে তেমন কোনো খোঁজখবর না পেয়ে কিছুটা আতঙ্কিত হই। তাই খোঁজ নিতে ছুটে এসেছি।’

গত ১০ দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতির পর তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। সেখানে ভেন্টিলেশনে রেখে তার চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button