বিজ্ঞাপন
বাংলাদেশ

জমি কিনতে আসা নারীর কাছ থেকে সাব-রেজিস্ট্রার অফিসেই ১১ লাখ টাকা ছিনতাই

মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভেতর থেকে দলিল করতে আসা এক নারীর কাছ থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তোভোগী ওই নারী মাহমুদা বেগম মাদারীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি নিয়ে সাব-রেজিস্ট্রার অফিস এলাকায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

তবে পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

মাদারীপুর সদর থানার লিখিত অভিযোগ ও ভুক্তভোগী নারী মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের বল্লবদী এলাকার বাসিন্দা ঠান্ডু সিপাহীর স্ত্রী মাহফুজা বেগম জানান, সকালে তিনি নিজেদের প্রয়োজনে জমি কেনার উদ্দেশ্যে ব্যাংক থেকে টাকা তুলে মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে আসেন।

সাব-রেজিস্ট্রার অফিসের ভেতরে এক নারী ও এক পুরুষ কৌশলে মাহফুজার সামনে কিছু খুচরা টাকা মাটিতে ফেলে তাকে সেগুলো তুলে দিতে অনুরোধ করেন। মাহফুজা বেগম মানবিক কারণে তাদের কিছু খুচরা টাকা তুলতে নিচু হলে এই সুযোগে ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তিনি চিৎকার করে তাদের পিছু ধাওয়া করলেও অফিস চত্বরে থাকা ভিড়ের মধ্যে তারা পালিয়ে যায়।

এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন মাহফুজা বেগম। তিনি বলেন, ‘একটি সরকারি অফিসে এসে আমার কষ্টার্জিত টাকা নিয়ে গেল। অথচ কেউ আমাকে সাহায্য করল না। এই টাকা হারিয়ে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।’

এ ঘটনায় মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার মো. আমির হোসেন বলেন, ‘টাকা পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের নয়। সাব-রেজিস্ট্রার অফিসে টাকা লেনদেন করার নিয়মও নেই।’

অন্যদিকে মাদারীপুর সদর থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button