বিজ্ঞাপন
বাংলাদেশ

সপ্তাহের প্রথম কর্মদিবসে বিশ্বের শীর্ষ দূষিত নগরী ঢাকা

রোববার (আজ) সকালে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর বায়ুর মান সূচক (একিউআই) ছিল ২৩৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিতেও দিনভর ঢাকার বায়ুর মান ছিল ‘অস্বাস্থ্যকর’। ফলে ছুটি শেষে কর্মদিবস শুরু হলেও বায়ুদূষণ থেকে কোনো স্বস্তি মিলেনি।

রাজধানীতে বায়ুদূষণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না; বরং পরিস্থিতি ক্রমেই আরও খারাপ হচ্ছে। গত ডিসেম্বর মাসজুড়ে এবং চলতি জানুয়ারি মাসেও প্রায় প্রতিদিনই ঢাকা বিশ্বের শীর্ষ দূষিত শহরগুলোর তালিকায় রয়েছে।

বিজ্ঞাপন

এই তথ্য তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে শহরভিত্তিক বায়ুর মান নিয়ে তাৎক্ষণিক সূচক প্রকাশ করে, যা বাতাস কতটা স্বাস্থ্যঝুঁকিপূর্ণ তা জানায়।

আজ সকালে বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে ছিল ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটির একিউআই স্কোর ছিল ২৩০। সাধারণভাবে বায়ুর মান ২০০ ছাড়ালে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০ ছাড়ালে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু ঢাকা নয়—সারা দেশেই বায়ুদূষণ বাড়ছে। অনেক ক্ষেত্রে ঢাকার বাইরের শহরগুলোতে দূষণের মাত্রা আরও বেশি। আজ ঢাকার চেয়ে খুলনার বায়ুর মান বেশি ছিল। খুলনার একিউআই স্কোর ছিল ২৮৩।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে নেওয়া অধিকাংশ কার্যক্রম ঢাকাকেন্দ্রিক হলেও এসব উদ্যোগে দৃশ্যমান কোনো ফল পাওয়া যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আজ সকালে ঢাকার বিভিন্ন এলাকায় বায়ুদূষণের মাত্রা ছিল অত্যন্ত বেশি। দক্ষিণ পল্লবীতে একিউআই ৩০৪, মিরপুরের ইস্টার্ন হাউজিংয়ে ৩০২, কল্যাণপুরে ২৮৩, বে’জ এজওয়াটারে ২৭২, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় ২৫৯, শান্তা ফোরামে ২৩১ এবং গোড়ানে ২২৪ রেকর্ড করা হয়।

দেশে বায়ুদূষণ মোকাবিলায় বিভিন্ন সময় নানা প্রকল্প ও উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে।

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। খোলা জায়গায় ব্যায়াম এড়িয়ে চলার এবং ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button