প্রবাসী দুলাভাই ও শ্যালককে কুপিয়ে মোটরসাইকেলে আগুন

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার বিদ্যুৎ ভবনের সামনে ইতালি প্রবাসী এক যুবক ও তার শ্যালককে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। এসময় তাদের মোটরসাইকেলে আগুনে পুড়িয়ে দেয় হামলাকারীরা।
শনিবার (৬ নভেম্বর ) ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ইতালি প্রবাসী ও ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের মন্নু শেখের ছেলে মেহেদী হাছান (২৫) এবং তার শ্যালক ও একই গ্রামের হারেছ মাতুব্বরের ছেলে শামিম মাতুব্বর (২৫)।
স্থানীয়রা জানান, ভোরে মহাসড়কের উপর মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পাশেই ফায়ার স্টেশনের কর্মীরা এসে আগুন নেভাতে চেষ্টা করে। এরপর ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পুড়িয়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায় এবং স্থানীয়রা মোটরসাইকেল আরোহী দুজনকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির পর একজনের অবস্থা অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়।
আহত মেহেদী হাছান বলেন, সকালে টেকেরহাট বন্ধুর বাসা থেকে নিজ মোটরসাইকেল করে ভাঙ্গা বাস স্ট্যান্ডে আসি। সেখানে সকালের নাস্তা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। পথে অস্ত্রধারীরা আমাদের প্রতিরোধ করে এলোপাথাড়ি কোপাতে থাকে। প্রাণ বাঁচাতে আমরা দুজনই সড়কের পাশে লুকিয়ে যাই। দুর্বৃত্তরা আমাদের অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে আমাদের সামনে গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আমরা ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহায়তা এবং স্থানীয়দের সাহায্যে হাসপাতালে ভর্তি হই।
ভাঙ্গা ফায়ার সার্ভিস এর স্টেশন ম্যানেজার মো. আবু জাফর বলেন, ভোর অনুমানিক সাড়ে ৫টার সময় দুর্বৃত্তরা মহাসড়কের উপর এবং ভাঙ্গা বিদ্যুৎ অফিসের সামনে মোটরসাইকেল আরোহীদের উপর আক্রমণ করেছে। ওই মোটরসাইকেলে দুইজন আরোহী ছিল। তাদেরকে মারধর করেছে এবং তাদের মোটরসাইকেলে আগুন লাগিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে মটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানান, পুড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় আনা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



