বিজ্ঞাপন
বাংলাদেশ

গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: বললেন প্রেস সচিব

গণভোট আয়োজনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, রাজনৈতিক দলগুলো এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘গণভোট নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।’ শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছে। সংস্কার কমিশনের কাজেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কতটা সংস্কার হয়েছে, তার স্পষ্ট দলিল থাকবে।’

তিনি আরও বলেন, ‘দেশে এখন কোনো ধরনের মব ভায়োলেন্স নেই। অতীতে বাংলাদেশে মব ভায়োলেন্স ছিল, আমাদের সময়ও কিছু ঘটনা ঘটেছে, কিন্তু বর্তমানে তা নিয়ন্ত্রণে এসেছে। যারা এসব নিয়ে ভয় পান, তারা দুর্বল। এসব ভয় দেখিয়ে যারা স্বৈরাচারের পক্ষে সওয়াল করেন, তারা আসলে স্বৈরাচারের দোসর।’

বিজ্ঞাপন

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘এই সরকারের অধীনে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই। সারা দেশে নির্বাচনী উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাইসহ নানা প্রস্তুতি নিচ্ছে। এখনো যারা নির্বাচন ঠেকানোর চেষ্টা করছেন, তারা পতিত স্বৈরাচারী সরকারের দোসর।’

গণমাধ্যমে মিথ্যা তথ্যের প্রচার নিয়ে তিনি বলেন, ‘কেউ কেউ জনপ্রিয়তা পাওয়ার জন্য ডাহা মিথ্যা বলছেন। যেমন এক ব্যক্তি বলেছেন, ৯ মাসে ৮৩ কোটি টাকা খরচ করে আলী রীয়াজ পালিয়ে গেছেন, এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর তথ্য। এর কোনো ভিত্তি নেই, এ হিসাব তিনি কোথায় পেলেন তা আমার জানা নেই।’ জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেকে মিথ্যাচার করে থাকেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘বিদেশে টেলিভিশন টক শোতে সত্যবাদী ও গ্রহণযোগ্য মানুষদের ডাকা হয়, কিন্তু আমাদের দেশে এর উল্টো চিত্র দেখা যায়। যারা মিথ্যা বলেন, তাদেরই আনা হয় টক শোতে, কারণ এতে টিভি শো গরম হয়, জনপ্রিয়তা বাড়ে। কিন্তু এতে করে জনগণের কাছে মিথ্যা তথ্য ছড়িয়ে যায়।’

প্রেস সচিব বলেন, ‘আমরা মাইলস্টোন, সেন্ট মার্টিন, উপদেষ্টাদের নাগরিকত্ব, মন্ত্রণালয় ও সেনাবাহিনী—সব ক্ষেত্রেই নানা মিথ্যাচার দেখেছি। এসব থেকে বেরিয়ে আসতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button