বিজ্ঞাপন
বাংলাদেশ

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা, দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিরাপদ আশ্রয়ের খোঁজে গিয়ে এক গৃহবধূ (১৬) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাতে ভুক্তভোগীর মা নারগিছ আক্তার বাদী হয়ে এ ঘটনায় হাসপাতালের দায়িত্বে থাকা দুই আনসার সদস্যের বিরুদ্ধে মামলা করেন।

মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। দুই আসামি হলেন- শাহাদাত হোসেন (২৯), টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার বাসিন্দা এবং আবু সাঈদ (২৫), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বাসিন্দা। এদিকে এ ঘটনায় ওই দুই আনসার সদস্যকে বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। 

এ বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানিকগঞ্জ জেলা কমান্ড্যান্ট মো. কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ার পরপরই অভিযুক্ত দুই আনসার সদস্যকে বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। ব্যক্তির দোষ কখনই বাহিনী নেবে না। এ ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

মানিকগঞ্জ সদর থানার পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রোববার বেলা তিনটার দিকে নারায়ণগঞ্জ থেকে স্বামীর ব্যাটারিচালিত ভ্যানে করে তার সঙ্গে মানিকগঞ্জ সদর উপজেলায় নানার বাড়িতে যাচ্ছিল ওই গৃহবধূ। রাত ১২টার দিকে জেলা সদর হাসপাতালের অদূরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে নিরাপত্তার কারণে হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি গাছের নিচে স্বামী-স্ত্রী আশ্রয় নেন।

মামলার এজাহারে বলা হয়েছে, হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাত হোসেন ও আবু সাঈদ নিরাপত্তার কথা বলে হাসপাতালের নতুন ভবনের নিচতলায় নিয়ে যান তাদের। পরে তাদের ভয়ভীতি দেখান ওই দুজন। গৃহবধূকে ওই দুজন ধর্ষণ করেন। পরে হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনদের সহযোগিতায় ওই দুজনকে আটক করা হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, গতকাল গৃহবধূর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে সদর থানার পরিদর্শক মিনহাজ উদ্দিন বলেন, এ ঘটনায় দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button