হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার

ঢাকা-৮ আসনের (মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজাহানপুর, রমনা) স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের আটক করতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে তিনি এ কথা জানান। শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উনার অবস্থা খুবই গুরুতর। ওসমান হাদীর ওপরে গুলি বর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’
তিনি আরও বলেন, দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের পাশাপাশি গোয়েন্দা, র্যাবসহ সবাই কাজ করছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আরও গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা, বিএনপি মহাসচিব ও জামায়াতের আমির।




