বিজ্ঞাপন
বাংলাদেশ

হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু, মা-বাবা অসুস্থ, পুলিশের ধারণা ‘খাবারের বিষক্রিয়া’

রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়্যারলেস মোড় এলাকার একটি বাসা থেকে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে দুই সহোদর শিশুর মরদেহ উদ্ধার করেছে হাতিরঝিল থানা-পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, খাবারে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

রোববার (২১ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। দুই শিশুর নাম আফরিদা চৌধুরী (১০) ও তার ছোট ভাই এক বছর বয়সী ইলহাম চৌধুরী। শিশুদের বাবা মোসলেহ উদ্দিন চৌধুরী একটি তৈরি পোশাক কারখানার মহাব্যবস্থাপক (জিএম) এবং মা সাইদা জাকাওয়াত আরা গৃহিণী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার মুঘলটুলি এলাকায়। বর্তমানে ওয়্যারলেস মোড়ের ওই বাসায় থাকেন।

শিশুদের চাচা তৌহিদ আলম চৌধুরী বলেন, ‘আফরিদা বেইলি রোডের ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ১৬ ডিসেম্বর আফরিদার জন্মদিন ছিল। মা-বাবা দুই সন্তানকে নিয়ে বাইরে কোনো এক রেস্টুরেন্টে খাবার খেয়েছিলেন। চার দিন পরে তারা অসুস্থ হয়ে পড়েন। এই খাবার খেয়ে, নাকি অন্য কোনো খাবার খেয়ে অসুস্থ হয়েছেন, তা আমরা বুঝতে পারছি না। ময়নাতদন্তের রিপোর্ট এলে জানতে পারব।’

বিজ্ঞাপন

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, শনিবার রাতে ওই বাসার নিচে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে রাখা শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তবে তাদের শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি।

এমআই সুমন মিয়া পরিবারের বরাত দিয়ে জানান, প্রাথমিক তদন্তে স্থানীয় বাসিন্দাদের এবং পরিবারের কাছ থেকে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দুই শিশুসন্তানসহ তাদের মা-বাবা খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে মেয়ে আফরিদা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় রাশমনো হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে শনিবার সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পরিবার যখন তার মরদেহ বাসায় নিয়ে আসে, তখন ছেলে ইলহামও বমি করা শুরু করে। অসুস্থ হয়ে পড়া দেখে পরে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

এসআই সুমন মিয়া আরও বলেন, একই খাবার খেয়ে তাদের মা-বাবাও অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে তারা চিকিৎসা শেষে সুস্থ আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ার কারণে এই দুই শিশুর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ওই খাবার তারা বাসায় রান্না করেছিলেন নাকি বাইরে থেকে কিনে এনেছিলেন, তা এখনো জানা যায়নি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button