সিরিয়ায় দুই মার্কিন সেনা নিহতের পর ‘গুরুতর প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

সিরিয়ায় আকস্মিক হামলায় দুই মার্কিন সেনা এবং একজন বেসামরিক মার্কিন দোভাষী নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘গুরুতর প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে বলেন, ‘এটি ছিল আমেরিকা এবং সিরিয়ার বিরুদ্ধে আইসিসের (দায়েশ) একটি আক্রমণ। সিরিয়ার একটি অত্যন্ত বিপজ্জনক অংশে এই হামলা হয়েছে, যে এলাকা তাদের (কর্তৃপক্ষের) সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই। খুব গুরুতর প্রতিশোধ নেওয়া হবে।’
পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এক্স-পোস্টে বলেছেন, পালমিরা শহরে এই হামলায় আরও তিন মার্কিন কর্মী আহত হয়েছেন। এই হামলাটি বর্তমানে সক্রিয় তদন্তাধীন।
মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, একজন মাত্র আইসিস বন্দুকধারী এই হামলা পরিচালনা করেন। এটি একটি অতর্কিত হামলা ছিল। বন্দুকধারীকেও হত্যা করা হয়েছে।
পেন্টাগনের একজন কর্মকর্তা এনবিসি নিউজকে জানিয়েছেন, সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নিয়ন্ত্রণের বাইরের একটি এলাকায় এই হামলা চালানো হয়েছে।
মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ পৃথক এক্স-পোস্টে বলেছেন, আক্রমণকারী ব্যক্তি মার্কিন অংশীদার বাহিনীর হাতে নিহত হয়েছেন।



