লোকালয়ে বুনো হাতি, ছবি তুলতে গিয়ে প্রাণ গেল যুবকের

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বন্যহাতির আক্রমণে আবদুস ছালাম (৩০) নামে যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে আলীক্ষ্যং সড়কের তিতার পাড়া গলাসিরা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে একটি বন্যহাতি আবদুস ছালামের বাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় কৌতূহলবশত তিনি হাতিটির ছবি তুলতে কিছুটা কাছে যান। হঠাৎ আশপাশে কুকুরের ডাকাডাকিতে হাতিটি উত্তেজিত হয়ে ওঠে এবং মুহূর্তের মধ্যেই ছালামের ওপর তেড়ে এসে তাকে পায়ের নিচে পিষে ফেলে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
আবদুস সালাম পেশায় একজন মিস্ত্রি ছিলেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পেশায় টিউবওয়েল মিস্ত্রি হলেও তিনি দিনমজুরিভিত্তিক বিভিন্ন কাজ করে সংসার চালাতেন। তার হঠাৎ মৃত্যুতে তিনটি ছোট সন্তান, শারীরিক প্রতিবন্ধী পিতা আবদুর সাত্তারসহ পুরো পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
সাঙ্গু রেঞ্জের কর্মকর্তা নুর হোসাইন বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।



