
মঙ্গলবার ৪ঠা নভেম্বর নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের মূল পর্বের ভোট গ্রহণ। সব প্রস্তুতি শেষ হয়েছে। এখন অপেক্ষা সময়ের। এরই মধ্যে জনমত জরিপে এগিয়ে থাকা প্রার্থী জোহরান মামদানি বিশেষ একটি ফোনকল পান। তাকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
তিনি মামদানির প্রচারাভিযানের প্রশংসা করেন এবং প্রস্তাব দেন, যদি মামদানি জয়ী হন, তবে তিনি ‘পরামর্শদাতা’ বা ‘সাউন্ডিং বোর্ড’ হিসেবে পাশে থাকবেন। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস।
ওদিকে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মামদানির মুখপাত্র এ খবরটি নিশ্চিত করেছেন। ওবামা ৩৪ বছর বয়সী এই রাজনীতিকের প্রচারাভিযানকে প্রশংসা করেন। বিশেষ করে তার নিরপেক্ষ প্রতিদ্বন্দ্বী ও নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যানড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া’র বিপক্ষে লড়াইয়ে এই প্রশংসা করেছেন ওবামা।
মামদানির মুখপাত্র ডোরা পেকেক এক বিবৃতিতে বলেন, জোহরান মামদানি সাবেক প্রেসিডেন্ট ওবামার সমর্থনের কথাগুলো গভীর শ্রদ্ধা জানিয়েছেন। (ফোনালাপে) তারা আমাদের শহরে এক নতুন ধরনের রাজনীতি আনার গুরুত্ব নিয়ে কথা বলেছেন।
ওবামা ও মামদানির ফোনালাপ মূলত নতুন প্রশাসনে জনবল নিয়োগের চ্যালেঞ্জ এবং শহরকে সাশ্রয়ী করার যে অঙ্গীকার মামদানি করেছেন, তা বাস্তবায়নে কার্যকর প্রশাসনিক কাঠামো গড়ার বিষয় কেন্দ্রীভূত ছিল।
ফোনালাপে জড়িত সূত্রের উদ্ধৃতি দিয়ে এমনটাই জানিয়েছে নিউইয়র্ক টাইমস। উগান্ডায় জন্ম নেয়া রাজনীতিক জোহরান মামদানি বর্তমানে নিউইয়র্ক রাজ্যের একজন অ্যাসেম্বলি সদস্য। তিনি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এখনো এগিয়ে আছেন। সম্প্রতি পরিচালিত অ্যাটলাস ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে, মামদানি পেয়েছেন ৪০ ভাগ সমর্থন।
কুমোর সমর্থন ৩৪ ভাগ আর রিপাবলিকান প্রার্থী স্লিওয়ার ২৪ ভাগ। অর্থাৎ কুয়োমোর চেয়ে ৬ শতাংশ ও স্লিওয়ার চেয়ে ১৬ শতাংশ এগিয়ে মামদানি। সাবেক গভর্নর কুমো যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করেছিলেন। তিনি জুন মাসে ডেমোক্রেটিক প্রাইমারিতেও মামদানির কাছে পরাজিত হন।
মামদানি এ পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন স্তর থেকে সমর্থন পেয়েছেন। এর মধ্যে আছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ও বর্তমান নিউইয়র্ক গভর্নর ক্যাথি হোকুল। মামদানিকে ওবামা ফোনে বলেন, আপনার প্রচারাভিযান দেখাটা সত্যিই চমৎকার অভিজ্ঞতা। তবে ওবামা এ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মামদানিকে সমর্থন দেননি।



