ভারতের কাছে ধরাসই অস্ট্রেলিয়া

নাথান এলিস ও অ্যাডাম জাম্পার ঘূর্নিতে ব্যাটিং ধসে পড়ে সংগ্রহ বড় পায়নি ভারত। তবে দলের স্পিনারদের দারুণ বোলিংয়ের দিন ১৬৭ রানই যথেষ্ট হলো। আগের ম্যাচ ব্যাটে আগুন ঝড়ানো ওয়াশিংটন আজ জাদু দেখালেন বল হাতে। স্রেফ ৮ বল করেই তুলে নিলেন তিন-তিনটি উইকেট। শেষ পর্যন্ত ৪৯ রানে জয় তুলে নিলো ভারত। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থটিতে জিতে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সূর্যকুমার যাদবরা। সিরিজের দ্বিতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে।
কারারা ওভালে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৬৭ রান করে ভারত। রান তাড়ায় ১৮.২ ওভারে ১১৯ রানে গুঁটিয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫৬ রান এনে দেন অভিষেক শর্মা (২৮) ও শুবমান গিল (৪৬)। শিবম দুবের (২২) বিদায়ের পর ধস নামে ভারতের ব্যাটিং লাইনআপে। দলীয় ১২১ রান থেকে ১৩৬ রানের মধ্যে চার উইকেট হারায় ভারত।
শেষ ৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৬ যোগ হয় দলের খাতায়। অক্ষর প্যাটেলের ১১ বলে ২১ রানের অপরাজিত ইনিংসে সংগ্রহ কিছুটা বড় হয় ভারতের। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন এলিস ও জাম্পা।
রান তাড়ায় মিচেল মার্শ ও ম্যাথু শর্টের উদ্বোধনী জুটি থেকে আসে ৩৭ রান। ব্যক্তিগত ২৫ রানে শর্ট আউট হলে জশ ইংলিসকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন অধিনায়ক মার্শ। নবম ওভারে ইংলিস (১২) আউট হলেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। ভারতীয় স্পিনারদের ওভারে রানই তুলতে পারেননি অজি ব্যাটাররা।
৪ ওভারে ২ উইকেট নিয়ে পরে ম্যাচসেরা হন অলরাউন্ড পারফর্মেন্স দেখানো অক্ষর প্যাটেল। ২ ওভারে ২ উইকেট নেন দুবেও। আর ১.২ ওভার করা সুন্দর স্রেফ ৩ রান খরচে নেন ৩ উইকেট।
অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের আশা শেষ। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অন্তত সমতা টানার লক্ষ্যে শেষ ম্যাচে আগামী শনিবার ব্রিসবেনে নামবে স্বাগতিকরা।



