পিকআপের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষ আহত ২০

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে জেলার রাজৈর মাদ্রাসা বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর পুলিশের প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।
আহতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন- আরিফ (২৫), আছমত (২৮), শিহাব (১৮), রবিউল আলম (৪৬), মোহাম্মদ লিটন (৫০) ও তার স্ত্রী জোসনা (৪০), রেজাউল (২৫), সাজ্জাদুল (২৩), মোহাম্মদ আনোয়ার হোসেন (৩০)।
তাদের মধ্যে আরিফ ও আছমতকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসক। বাকিরা রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল ‘লাবিবা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস। পথে রাজৈর মাদ্রাসা বড় ব্রিজ পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে পিকআপ চালকসহ অন্তত ২০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখান থেকে গুরুতর অবস্থায় আরিফ ও আছমতকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর যানজট সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ তা নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



