বাংলাদেশ
পাবনায় মদপানে দুই যুবকের মৃত্যু

পাবনায় মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন মদপানে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পাবনায় মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন মদপানে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। তবে উভয় পরিবারের সদস্যরা মৃত্যুর বিষয়ে কোনো তথ্য দিতে বা কথা বলতে রাজি হননি এবং থানায় অভিযোগও করেননি।
মৃতরা হলেন- পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে সুমন সরকার (৩৫) এবং রাধানগর মহল্লার মক্তব এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুন হোসেন (৩২)। তারা দু’জনই স্থানীয় একটি ব্যান্ড সাউন্ড প্রতিষ্ঠানের সদস্য এবং বাদ্যযন্ত্র শিল্পী হিসেবে পরিচিত।
পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন বলেন, হাসপাতালের নথিপত্র অনুযায়ী তাদের মৃত্যুর কারণ মদ্যপান উল্লেখ করা হয়েছে। তবে কোথা থেকে, কীভাবে, কোন মদপান করে তারা মারা গেছে—এসব বিষয়ে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
ওসি আরও জানান, একজনের মৃতদেহ সনাতনী প্রথা অনুযায়ী সৎকার করেছে পরিবার। আর অপরজনের মরদেহ থানায় আনা হয়েছে। এখনও কোনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ নেই। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাবনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সুখি খাতুন জানিয়েছেন, মৃত্যুর আগে একজনকে রাত ১২টায় এবং অন্যজনকে রাত ৩টায় হাসপাতালে আনা হয়েছিল। একজন হাসপাতালে মারা গেলে স্বজনরা তাকে নিয়ে চলে গেছেন। আরেকজনকে রাজশাহীতে নেওয়ার পথে মারা গেছেন।