নোয়াখালীতে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ

বেগমগঞ্জ উপজেলায় নোয়াখালী-৩ আসনের বিএনপির প্রার্থী বরকত উল্যাহ বুলুর একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে করে নির্বাচনী অফিসের চেয়ার-টেবিল এবং পার্শ্ববর্তী একটি দোকান পুড়ে গেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাকিপুর গ্রামে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, পরিকল্পিতভাবে জামায়াতের লোকজন নির্বাচনী অফিসে আগুনে দিয়েছে।
তবে জামায়াতে ইসলামীর দাবি, এই অভিযোগ ভিত্তিহীন।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাশ অভিযোগ করে বলেন, জামায়াতের লোকজন নির্বাচনী অফিসে আগুন দিয়েছে। আগুনে অফিসের আসবাবপত্র সব পুড়ে অনেক টাকার ক্ষতি হয়েছে। ধানের শীষের পক্ষে থাকা ভোটারদের ভয়ভীতি দেখাতে এই ঘটনা করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।
বিএনপির অভিযোগ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবদুজ জাহের বলেন, আমাদের বিরুদ্ধে বিএনপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিএপির নির্বাচনী অফিসের পাশে দোকান। দোকানঘরে আগুন লেগে নির্বাচনী অফিস পুড়েছে। আমরা দলের পক্ষ থেকে এ মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানাই।
বেগমগঞ্জ থানার ওসি মো.শামসুজ্জামান বলেন, কীভাবে আগুনের সূত্রপাতের হয়েছে তা এখনও জানা যায়নি। নির্বাচনী অফিস ও একটি সাইকেলের গ্যারেজ পুড়ে গেছে। বিষয়টি তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



