বিজ্ঞাপন
বাংলাদেশ

তিন বছরের শিশু যাত্রীকে নিয়ে ইজিবাইক চালক চম্পট

রাজধানীর মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মায়ের অনুপস্থিতিতে তিন বছরের শিশুকে নিয়ে পালিয়ে গিয়েছে এক ইজিবাইক চালক। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশু হিসান রহমানের মা সুমাইয়া আক্তার তার তিন বছর বয়সী ছেলে হিসান রহমানের সন্ধান চেয়ে মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভিকটিম মা সুমাইয়া আক্তার জানান, তিনি মুগদার দক্ষিণগাঁও এলাকার ৬ নম্বর রোডের একটি ভাড়া বাসায় থাকেন। তার স্বামী হারুন রহমান প্রবাসী। বুধবার সকালে তার একটি টেষ্ট রিপোর্ট নেওয়ার জন্য মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। দুপুর ১ টা ১০ মিনিটের দিকে তিনি তার শিশু সন্তানকে নিয়ে বাসায় যাওয়ার জন্য হাসপাতালের সামনে একটি ইজিবাইক ভাড়া করেন। রিকশায় ওঠার পর এক বোতল পানির প্রয়োজন হলে তিনি রিকশায় হিসানকে রেখে সামনের একটি দোকান থেকে এক বোতল পানি কিনেন। রিকশায় আসতে গিয়ে দেখেন ইজিবাইকটি সেখানে নেই। এরই মধ্যে চালক বাচ্চাসহ ইজিবাইক নিয়ে চম্পট দিয়েছেন।

এ ব্যাপারে নিখোঁজ হিসান রহমানের মামা আজিজুর রহমান বলেন, মুহুর্তের মধ্যে ঘটনাটি ঘটে গেছে। আমরা আশেপাশের এলাকা খুঁজেছি। ওই চালক দ্রুত গতিতে ইজিবাইক চালিয়ে চলে যান। বাচ্চার মা বুঝতেই পারেননি।

বিজ্ঞাপন

ঘটনার পর হিসানের মা সুরাইয়া আক্তার মুগদা থানায় একটি জিডি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করে।

এ ব্যাপারে মুগদা থানার ওসি মুহাম্মদ এমদাদুল ইসলাম তৈয়ব বলেন, সিসি ক্যামেরা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, মা তার সন্তানকে ইজিবাইকের সিটে বসিয়ে রেখে সামনের দোকানে পানি কিনতে যান। মুহুর্তের মধ্যে ইজিবাইক চালক গাড়ি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে ফুটেজে ইজিবাইক চালকের ছবি অস্পষ্ট। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঢাকার সব থানায় বিষয়টি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button