ডেবে গেছে বেইলী ব্রীজের পাটাতন, যান চলাচল বন্ধে দুর্ভোগে দুই জেলার মানুষ

কুমিল্লার দাউদকান্দির সঙ্গে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ও কচুয়া উপজেলাকে সংযুক্ত করেছে দাউদকান্দি উপজেলার দক্ষিণ অঞ্চলের সীমান্তবর্তী খিরাই নদীর উপর নির্মিত বেইলী ব্রীজ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কয়েক জায়গায় ডেবে গেছে ব্রীজটির উপরের পাটাতন। যার কারনে বন্ধ হয়ে গিয়েছে সব ধরনের যান চলাচল।\
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৮ বছর আগে এলজিইডি কর্তৃক খিরাই নদীর উপর বেইলী ব্রীজটি নির্মিত হয়। সেতুটি দাউদকান্দির খামারপাড়া গ্রামের সঙ্গে মতলব দক্ষিণ উপজেলার পিতাম্বর্দীর সংযোগ স্থাপন করে এবং এটি সময়ের ব্যবধানে আন্ত:জেলা সড়কে পরিণত হয়েছে।
এছাড়াও সেতুটি দিয়ে ঢাকা ও কুমিল্লা পৌছতে প্রতিদিন চাঁদপুর জেলার কচুয়া উপজেলা ও মতলব দক্ষিন উপজেলা বাসিন্দারা নিয়মিত যাতায়াত করে। দাউদকান্দি উপজেলার স্থানীয়রা মতলব ও কচুয়া যেতে এই সেতুটি ব্যবহার করেন। আগে প্রতিদিন সেতুর উপর দিয়ে প্রায় বিভিন্ন ধরণের যানবাহন চলাচল করত।
সরেজমিনে দেখা যায়, সেতুটির উপরে পাটাতন কয়েকটা অংশে ডেবে গেছে এবং বিভিন্নস্থানে ছিদ্র হয়ে গেছে। শ্রমিকরা কাঁধে করে মালামাল পারাপার করছে। যে কোন সময় ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
মতলব দক্ষিণ উপজেলার কাঁচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাত বলেন, ‘প্রতিদিন অটোরিকশা করে মাদ্রাসায় যাই। ব্রিজ ভেঙ্গে যাওয়ার কারনে অটোরিকশা চলাচল করতে পারেনা। পায়ে হেঁটেই মাদ্রাসায় যেতে হচ্ছে।’
মতলব দক্ষিন উপজেলার ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, দুই উপজেলার সংযোগ স্থাপন করা সেতুটির সমস্যা হওয়ায় মালামাল পারাপারে অনেক সমস্যা হচ্ছে।
বাইক চালক নাজমুল হাছান বলেন, ‘এই সেতুর উপর দিয়ে এখন আর চার চাকার বাহন চলতে পারে না। কোনরকম কাটিয়ে ঝুঁকি নিয়ে বাইক নিয়ে পাড়ি দিয়েছি। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ‘সংস্কার করা’ হোক।’
দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, ‘সেতুটি এমনিতেই ঝুঁকিতে রয়েছে। তার উপরে ওভার লোড ট্রাক চলাচলের কারনে সেতুর পাটাতন ভেঙ্গে গেছে। আমরা ইতিমধ্যে সেতুটি সংস্কারের উদ্যোগ গ্রহন করেছি। এছাড়া এই সেতুটি ভেঙ্গে (আরসিসি) কর্তৃক নতুন সেতু নির্মানের জন্য কর্তৃপক্ষের নিকট প্রস্তাবনা পাঠিয়েছি। কর্তৃপক্ষ অনুমতি দিলে নতুন সেতু নির্মান কাজ শুরু করা হবে।’



