বিজ্ঞাপন
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, কার্যক্রমে অচলাবস্থা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা কর্মবিরতিতে বন্দরের পরিচালন কার্যক্রমে প্রায় অচলাবস্থা তৈরি হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বন্দরের স্থায়ী কর্মচারী ও বেসরকারি শ্রমিকরা।

কর্মবিরতির প্রভাবে বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেনারেল কার্গো বার্থ (জিসিবি), চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও নিউমুরিং কনটেইনার টার্মিনাল- এই তিন টার্মিনালেই পরিচালন কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। তবে বন্দরে নোঙর করা জাহাজের অপারেশনাল অবস্থান স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন কর্মকর্তারা।

শ্রমিক নেতারা জানিয়েছেন, সকাল থেকে কোনো শ্রমিক-কর্মচারী কাজে যোগ দেননি এবং বন্দরের যন্ত্রপাতিও চালু করা হয়নি। চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুল আজিম বলেন, ‘সকাল থেকেই বন্দরের সব ধরনের কাজ বন্ধ রয়েছে। বিকেল চারটা পর্যন্ত কর্মবিরতি চলবে।’ একই দাবিতে রোববারও সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বন্দর জেটি ও টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন (বোটসোয়া)-এর সভাপতি ফজলে একরাম চৌধুরী বলেন, ‘শ্রমিক ও যন্ত্রচালক না পাওয়ায় জিসিবি টার্মিনালে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ ব্যাহত হচ্ছে।’

এনসিটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গত বৃহস্পতিবার দুদিনের কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এ কর্মসূচিতে সমর্থন জানিয়েছে।

শনিবারও বন্দরের বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচি চলতে দেখা গেছে। এর আগে বন্দর ভবনের ভেতরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ঘটনার পর বন্দর কর্তৃপক্ষ এক অফিস আদেশে আন্দোলনে অংশ নেওয়া কর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button