বিজ্ঞাপন
বাংলাদেশ

গুমের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন

গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে মো. আমির হোসেনকে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১।

বুধবার (৩ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ২৩ নভেম্বর শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তিনি এই দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে নতুন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পেলেন আমির হোসেন।

বিজ্ঞাপন

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুম করে রাখার অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। আর জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার অভিযোগে আরেকটি মামলায় আসামি হিসেবে রয়েছেন শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ মোট ১৩ জন।

এর আগে জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায়ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আমির হোসেন। সেই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল রায় ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button