বিজ্ঞাপন
বিশ্ব

গাজার ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহু-টনি ব্লেয়ারের গোপন বৈঠক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) ইসরাইলের পাবলিক ব্রডকাস্টার কেএএন নিউজ এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, গাজার ভবিষ্যৎ প্রশাসন এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) সম্ভাব্য ভূমিকা নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়। তবে বৈঠকের বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

কেএএনের সূত্রগুলো জানায়, ব্লেয়ার গাজা উপত্যকার নির্দিষ্ট কিছু এলাকায় পিএ-কে সীমিত প্রশাসনিক নিয়ন্ত্রণ দেওয়ার সম্ভাবনা নিয়ে নেতানিয়াহু ও বিভিন্ন আরব রাষ্ট্রের সঙ্গে আলোচনা করছেন। এটি প্রাথমিকভাবে একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হতে পারে এবং সফল হলে দীর্ঘমেয়াদি কাঠামোয় রূপ নিতে পারে।

বিজ্ঞাপন

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার যুদ্ধ-পরবর্তী প্রশাসনের নেতৃত্বদানের দায়িত্ব নিতে ব্লেয়ারকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ৭ নভেম্বর ফিলিস্তিনের উচ্চপদস্থ কর্মকর্তারা সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাদের দাবি, এ ধরনের ব্যবস্থায় গাজা পশ্চিমা বোর্ডের অধীনে চলে যাবে, যা ব্রিটিশ ম্যান্ডেট যুগের অবস্থা ফিরিয়ে আনবে।

এ ছাড়া ২৩ নভেম্বর ব্লেয়ার ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখের সঙ্গে দেখা করে গাজা যুদ্ধ-পরবর্তী প্রশাসন, পশ্চিম তীর ও সম্ভাব্য ফিলিস্তিনি রাষ্ট্র সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। আল-শেখ এক্সে দেওয়া পোস্টে এ তথ্য জানান।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭১ হাজার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button