বিজ্ঞাপন
বাংলাদেশ

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

গাজীপুরের কালিয়াকৈরের ট্রাকস্ট্যান্ড এলাকায় এক যুবককে গাছের সঙ্গে বেঁধে হাতুড়ি দিয়ে বর্বরোচিতভাবে পেটানোর ঘটনায় কুরবান আলী (৩২) নামের এক মোটর মেকানিককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় টান কালিয়াকৈর এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, শুক্রবার তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়—দিনদুপুরে একজন যুবককে গাছের সঙ্গে বেঁধে হাতুড়ি দিয়ে নির্মমভাবে পেটানো হচ্ছে। তবে নির্যাতনের শিকার ওই যুবকের নাম-পরিচয় এখনো অজ্ঞাত।

বিজ্ঞাপন

অভিযুক্ত কুরবান আলীর বাড়ি দিনাজপুর সদর উপজেলার বিশ্বনাথপুর এলাকায়। প্রায় ১৫ বছর আগে তিনি কালিয়াকৈরের চাপাইর এলাকায় বিয়ে করে স্থানীয়ভাবে বসবাস শুরু করেন। তিনি একটি বাসের মালিক বলেও জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ট্রাকস্ট্যান্ড এলাকায় একটি নারকেলগাছে ‘চোর’ বলে যুবকটিকে বেঁধে রাখা হয়। এরপর তাকে হাতুড়ি দিয়ে একের পর এক আঘাত করা হয়। ২৫–৩৫ মিনিট গুরুতর আহত অবস্থায় গাছে বাঁধা থাকলেও আশপাশের অসংখ্য মানুষ শুধু ছবি ও ভিডিও তুলেছে, কিন্তু কেউ উদ্ধার করতে এগিয়ে আসেনি। পরে তাঁকে সেখান থেকে সরিয়ে নেওয়া হলেও এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হাতুড়িপেটার ঘটনায় আহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে আজ গাজীপুর জেলহাজতে পাঠানো হবে। মারধরের শিকার যুবকের বাড়ি উত্তরবঙ্গে। তবে মূল ভুক্তভোগীকে পেলে এর সত্যতা জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button