বিজ্ঞাপন
বাংলাদেশ

একজনের আঙ্গুল কামড়ে নিয়েছে শিয়াল, নারী-শিশুসহ হাসপাতালে ৫

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় একটি শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব চর শালেপুর গ্রামের আদার বাজার এলাকার কাছে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জিয়াসমিন (৫০), শেখ লোকমান (৪৩), দেলোয়ার খান (৩২) ও লুৎফর ব্যাপারী (৪২), রবিউল (৭)। তারা আহত পাঁচজনই পূর্ব চর শালেপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত জিয়াসমিন জানান, বাড়ির পেছনে কাজ করার সময় হঠাৎ একটি শিয়াল তাকে কামড় দেয়। কিছুক্ষণ পর তার পাশে থাকা সাত বছর বয়সী ছেলে রবিউলের হাতে কামড় দিলে তিনি তাকে ছাড়াতে যান। এ সময় শিয়ালটি রবিউলকে ছেড়ে দিয়ে তার গলা ও মুখে কামড়ে ঝুলে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিয়ালটি তাড়ানোর চেষ্টা করলে সেটি এলোপাতাড়ি কামড়াতে শুরু করে। পরে স্থানীয়রা শিয়ালটিকে পিটিয়ে হত্যা করে।

বিজ্ঞাপন

এ ঘটনায় আহত শেখ লোকমান বলেন, চিৎকার শুনে তিনি মা-ছেলেকে রক্ষায় এগিয়ে এলে শিয়ালটি তার হাতের আঙুলের অগ্রভাগ ছিঁড়ে ফেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান জানান, শিয়ালের কামড়ে আহত পাঁচজনকে হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রত্যেককে র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাদের ভর্তি রেখে চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, আজ (সোমবার) হাসপাতালের মজুদে থাকা র‌্যাবিস ভ্যাকসিন শেষ হয়ে গেছে। এ ছাড়া হাসপাতালে অ্যান্টিভেনমেরও সংকট রয়েছে। প্রয়োজনীয় ভ্যাকসিন ও জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চাহিদা পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button