আওয়ামী লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশ সদস্যদের পিটুনি, মোটরসাইকেল ভাঙচুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা এলাকায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তারে যাওয়া পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় আওয়ামী লীগ নেতার সমর্থকদের বেধড়ক পিটুনিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে ভাষ্য পুলিশের। এই ঘটনাকে কেন্দ্র করে ৬ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তার ৬ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রোববার দিবাগত রাতে উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেপ্তার অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ওপর এই হামলার ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের নুরুজ্জামান মিয়া, মানিক মিয়া, সুজন মিয়া, মো. তাজুল, হাবিবুর রহমান ও সামিউল ইসলাম।
পুলিশ জানায়, রোববার রাতে শফিক মাহমুদ গোলাপকে গ্রেপ্তারে অভিযানে নামে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আওয়ামী লীগ নেতা ও তার লোকজন পুলিশের উপর হামলা করে। এসময় পুলিশের তিন এসআইকে বেধড়ক মারধর করে। হামলার একপর্যায়ে তারা পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। এই হামলায় গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা, মীর কায়েস, মমিনুল আহত হন। পরে অতিরিক্ত পুলিশসহ যৌথবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে সেখানে রাতভর অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে পুলিশ। পরে সোমবার তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এই ঘটনায় রাতেই ১৮ জনের নাম উল্লেখসহ ৬০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।



