বিজ্ঞাপন
বিশ্ব

বিমান বাংলাদেশকে করাচিতে সরাসরি ফ্লাইট চালুর ছাড়পত্র দিলো পাকিস্তান

ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার (২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা নিউজ।

সংবাদমাধ্যমটি এ সিদ্ধান্তকে আঞ্চলিক বিমান চলাচলে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করে বলেছে, নতুন বছরে পাকিস্তান ও বাংলাদেশের আকাশ সংযোগে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা।

সূত্রের বরাতে জানানো হয়, সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) ঢাকা-করাচি রুটে বিমান বাংলাদেশকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়। প্রাথমিকভাবে এই অনুমোদন ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। পরে তা পুনর্বিবেচনার সুযোগ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

অনুমোদন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নির্ধারিত ও অনুমোদিত রুট ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে হবে। নির্ধারিত রুট কঠোরভাবে অনুসরণ করার নির্দেশও দিয়েছে পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ।

এছাড়া করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশকে নির্দিষ্ট একটি স্লট বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা থেকে ফ্লাইট ছাড়ার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটের পূর্ণাঙ্গ তথ্য জানানো, অপারেশনাল সমন্বয় নিশ্চিত করা এবং নিরাপত্তা সংক্রান্ত শর্ত পূরণ করার কথা বলা হয়েছে।

পাকিস্তানের বিমান চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের জনগণ উপকৃত হবে। এতে ভ্রমণ সহজ হবে, জনগণ থেকে জনগণের যোগাযোগ বাড়বে এবং ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণের নতুন সুযোগ সৃষ্টি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button