‘তাজমহল একসময় মন্দির ছিলো’, ভারতে মন্ত্রীর মন্তব্য নিয়ে নতুন বিতর্ক

ভারতের মধ্যপ্রদেশের মন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন, তাজমহল মূলত একটি মন্দির ছিল। পরে মুঘল সম্রাট শাহজাহান এটিকে নতুনভাবে রূপান্তরিত করেছিলেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, এক অনুষ্ঠানে ৬৯ বছর বয়সী এই নেতা দাবি করেন, মমতাজকে প্রথমে বুরহানপুরে সমাহিত করা হয়েছিল। পরে তার দেহ সেই স্থানে সরিয়ে নেওয়া হয়- যেখানে একটি মন্দির নির্মিত হচ্ছিল। তারপর সেই স্থানে তাজমহল নির্মিত হয়েছিল।
এনডিটিভি বলছে, তার মন্তব্য অনুষ্ঠানে উপস্থিত লোকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। বক্তৃতার ভিডিও ক্লিপগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়। এর ফলে বহুমুখী তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এদিকে, বিজয়বর্গীয়ের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিরোধী দল কংগ্রেস। দলটির মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত বলেছেন, বিজেপি মন্ত্রীরা সীমা অতিক্রম করছেন এবং জনসাধারণের আলোচনায় বিভ্রান্তি তৈরি করছেন।
তিনি বলেন, এই ধরনের বক্তব্য নেতাদের মধ্যে অভ্যন্তরীণ হতাশারই প্রতিফলন ঘটায়। তারা আলোচনায় থাকার জন্য দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন।
এনডিটিভি বলছে, তাজমহলের উৎপত্তি সম্পর্কে এমন দাবি জনসমক্ষে এই প্রথমবারের মতো উঠে আসছে না। এর আগেও এমন মন্তব্য এসেছে। তবে বিশ্লেষকরা বলছেন, যখন একজন কর্মরত মন্ত্রী এই ধরনের দাবি করেন, তখন তারা অনেক বেশি রাজনৈতিক ও সামাজিকভাবে আলোচিত হন। কৈলাস বিজয়বর্গীয়র তার জনসমক্ষে ‘হুটহাট’ মন্তব্য করা নিয়ে দীর্ঘ বিতর্কিত ইতিহাস রয়েছে।



