বিজ্ঞাপন
বাংলাদেশ

গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার গোসিংগা ইউনিয়নে ইটখোলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ।

নিহত ফরিদ সরকার (৪১) ওই ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা এবং জামাল উদ্দিন সরকারের ছেলে। তিনি জাসাসের গোসিংগা ইউনিয়ন শাখার যুগ্ম-সম্পাদক ছিলেন।

ফরিদের বাবা জামাল উদ্দিন বলেন, প্রায় ২০ বছর প্রবাসে থাকার পর এক বছর আগে দেশে ফেরেন ফরিদ। তিনি গোসিংগা ইউনিয়নের কেবিএম (এবিএম) ব্রিকসে মাটি সরবরাহের কাজ করতেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাতের খাবার শেষে বাড়ি থেকে বের হন ফরিদ। গভীর রাতে স্থানীয় ইউপি সদস্য সবুজের মাধ্যমে জানতে পারি, ফরিদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি ফরিদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

তিনি আরও বলেন, দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ফরিদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক চিহ্ন দেখা গেছে বলে দাবি জামাল উদ্দিনের।

শ্রীপুর উপজেলা জাসাসের আহ্বায়ক হেলাল প্রধান বলেন, রাত সাড়ে ১০টার দিকে ফরিদ স্থানীয় মহাখালী বাজারে কেরাম খেলায় ব্যস্ত ছিলেন। এ সময় মোবাইল ফোনে ফরিদকে ইটখোলায় যেতে বলা হয়।

তিনি বলেন, ভোরের দিকে এলাকাবাসী ফোনে জানান, ইটখোলায় ফরিদকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে গেছে কেউ। সকালে নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যাই। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

ঘটনাস্থল পরিদর্শন করার কথা জানিয়ে ওসি নাসির আহমদ বলেন, প্রাথমিকভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। আইনি ব্যবস্থা চলমান।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত জোরদার করার কথা জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button