ওরা আমার ছেলেকে দা দিয়ে কোপাতে শুরু করে: হত্যার পর মায়ের আহাজারি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় দুই ভাইয়ের পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে জান্নাত হোসেন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের স্বজনদের দাবি, বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাত হোসেন গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে জান্নাত হোসেনের প্রতিবেশী দুই ভাই তারেক ও রিয়াদের মধ্যে ঝগড়া শুরু হলে তারেকের মা তাসলিমা বেগম ঝগড়া থামানোর জন্য জান্নাত হোসেনকে ডেকে নিয়ে যান। ওই সময় দুই ভাইয়ের হাতেই ধারালো রামদা ছিল। এক পর্যায়ে তারা জান্নাতকে কুপিয়ে আহত করে। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে নিহতের মা জাহানারা বেগম অভিযোগ করে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে ঘরে ঘুমিয়ে ছিল। তাসলিমা এসে তাকে ডেকে নিয়ে যায়। আমি পেছন পেছন যাই। ঘরে ঢোকার আগেই ওরা দা দিয়ে আমার ছেলেকে কোপাতে শুরু করে। আমার ছেলে শুধু আমার দিকে তাকিয়ে ছিল। এই শোক আমি কিভাবে সহ্য করবো?’
নিহতের বড় ভাই রাজু অভিযোগ করে বলেন, ‘বাড়ির সীমানা নিয়ে আগে থেকেই ওদের সঙ্গে আমাদের বিরোধ ছিল। জোরপূর্বক আমাদের জায়গা দখল করে ঘর তুলেছে। আমার ভাইকে যখন কোপানো হচ্ছিল, তখন তারা কাউকেই ঘরে ঢুকতে দেয়নি।’
নিহত জান্নাত হোসেন। ছবি: সংগৃহীত
হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি বলেন, ‘সকাল ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গজারিয়া থানার ওসি মো. হাসান আলী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



