কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষের মাঝেই থাইল্যান্ডে ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন

আগামী ৮ ফেব্রুয়ারি থাইল্যান্ডের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষের মাঝেই সোমবার (১৫ ডিসেম্বর) দেশটির নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। সেই সঙ্গে দলগুলোকে এই বছরের শেষের আগে প্রধানমন্ত্রীর জন্য নিজ নিজ প্রার্থী মনোনীত করতে হবে।
কমিশনের বিবৃতিতে বলা হয়, ‘আজ নির্বাচন কমিশন নির্বাচনের বিস্তারিত খসড়া তৈরি করেছে এবং কমিশনারের কাছে প্রস্তাব করেছে। কমিশন সম্মত হয়েছে, ৮ ফেব্রুয়ারি ২০২৬, রোববার নির্বাচনের দিন হবে।’ এছাড়া অগ্রিম ভোটগ্রহণ ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ ভাইরাল হওয়ার পর নীতিশাস্ত্র লঙ্ঘনের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রীকে অপসারণের পর সেপ্টেম্বরে রক্ষণশীল ভূমজাইথাই দলের অনুতিন চার্নভিরাকুল ক্ষমতা গ্রহণ করেন।
গত শুক্রবার তিনি পার্লামেন্ট ভেঙে দেন, যার ফলে জাতীয় নির্বাচনের পথ সুগম হয়। থাই আইন অনুসারে, পার্লামেন্ট ভেঙে যাওয়ার ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে ভোট অনুষ্ঠিত হতে হবে।
থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে কয়েক দশক ধরে চলমান সীমান্ত বিরোধের ফলে সৃষ্ট সংঘাত এই মাসে আবারও শুরু হয়। এরই মাঝে নির্বাচনের পদক্ষেপ এলো। গত কয়েকদিন ধরে চলমান সামরিক সংঘর্ষে কমপক্ষে ৩১ জন নিহত এবং প্রায় ৮ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।
প্রসঙ্গত, গাঁজার সমর্থক রক্ষণশীল নেতা আনুতিন পার্লামেন্ট ভেঙে দেওয়ার শর্তে জোটের সমর্থনে ক্ষমতা গ্রহণ করেছিলেন।



