বিজ্ঞাপন
বাংলাদেশ

সালিসি বৈঠকে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জে পারিবারিক বিরোধ মেটাতে ডাকা সালিসি বৈঠকে হারান আলী শেখ (৫৫) নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ের জামাই আবুল কালামের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলে ইকবাল হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাক্ষনগাতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হারান আলী শেখ সদর উপজেলার বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আবেদ আলীর ছেলে।

নিহতের ছেলে ইকবাল হোসেন জানান, তার বোন শাপলা খাতুন ও বোনজামাই আবুল কালামের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার বিকেলে আবুল কালামের বাড়িতে সালিসি বৈঠক বসে। বৈঠক শেষ হওয়ার আগমুহূর্তে আবুল কালাম পরিবারের লোকজন নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে ইকবাল, তার বাবা হারান আলী, মা মরিয়ম বেগম, ভাগিনা আলামিন ও বোন শাপলা আহত হন।

বিজ্ঞাপন

গুরুতর আহত হারান আলীকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, পারিবারিক বিরোধের জেরে বৈঠক বসানো হয়েছিল। বৈঠকের শেষ দিকে আবুল কালামের লোকজন হামলা চালিয়ে হারান আলীকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় রাতে থানায় অভিযোগ করা হয়েছে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button