শিবচরে ৬ বছরের শিশুকে ধর্ষণ, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ

মাদারীপুরের শিবচরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দ্রুত বিচার ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
সরকারি বরহামগঞ্জ কলেজের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা জানান, প্রথম শ্রেণির শিক্ষার্থীর ওপর ন্যক্কারজনক নির্যাতনের ঘটনা শিবচরের মানুষকে ব্যথিত করেছে। তারা অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করেছেন।
মানববন্ধনে হাজী শরীয়তউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি’র সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় শূরা সদস্য নজরুল ইসলাম, শিবচর উপজেলা শিবিরের সাধারণ সম্পাদক মো. মুজাহিদ এবং স্থানীয় কলেজ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফিরছিল ৬ বছর বয়সী ওই শিশু। এ সময় শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা এলাকার বিষ্ণু মজুমদারের ছেলে মিঠুন মজুমদার শিশুটির পথরোধ করে কৌশলে নিজের ঘরে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার।
ওই দিন বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় মেয়েটিকে বাড়ি পাঠিয়ে দেয় অভিযুক্ত মিঠুন। শিশুটি বিষয়টি পরিবারকে জানালে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে ঘটনা জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্ত মিঠুনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার মিঠুনকে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শিগগিরই আদালতে অভিযোগপত্র জমা দিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



