বিজ্ঞাপন
বিশ্ব

রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার কোনো অধিকার নেই কিয়েভের: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কোর প্রায় চার বছরের আগ্রাসন শেষ করতে কোনো চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে ভূমি ছেড়ে দেওয়ার আইনি বা নৈতিক অধিকার কিয়েভের নেই। সোমবার (৮ ডিসেম্বর) এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জেলেনস্কি বলেন, ‘আমরা কি কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার কল্পনা করতে পারি? এমনকি ইউক্রেনের আইন, সংবিধান এবং আন্তর্জাতিক আইনের অধীনেও আমাদের এ ধরনের কোনো আইনি অধিকার নেই। আর আমাদের এ ব্যাপারে নৈতিক অধিকারও নেই।’

তিনি জানান, যুক্তরাষ্ট্র এই বিষয়ে সমঝোতা খুঁজে বের করার চেষ্টা করছে। তবে রাশিয়া ভূখণ্ড ছেড়ে দেওয়ার দাবি জানালেও ইউক্রেন তা মানতে রাজি নয়।

বিজ্ঞাপন

জেলেনস্কি বলেন, ‘রাশিয়া তাগদা দিচ্ছে আমরা যেন ভূখণ্ড ছেড়ে দিই, কিন্তু আমরা কিছুই ছেড়ে দিতে চাই না। আমরা এর জন্য লড়াই করছি। ’

তিনি আরও জানান, ভূখণ্ড নিয়ে জটিল সমস্যা রয়েছে এবং এখনো কোনো সমঝোতা হয়নি।

আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ এক কর্মকর্তা এএফপিকে বলেন, ইউক্রেনীয় ভূখণ্ডের প্রশ্নই আলোচনার সবচেয়ে জটিল অংশ।

কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টিও আলোচনার প্রধান অচলাবস্থাগুলোর একটি।

লন্ডনে বৈঠক শেষে জেলেনস্কি ব্রাসেলসে যান ন্যাটো ও ইউরোপীয় কমিশনের প্রধানদের সঙ্গে আলোচনার জন্য।

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনীয় ও ইউরোপীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া ২০টি প্রস্তাব নিয়ে কাজ করছেন এবং পাল্টা প্রস্তাব মঙ্গলবার সন্ধ্যার মধ্যে প্রস্তুত হতে পারে, যা ওয়াশিংটনে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button