ক্ষমতায় গেলে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দেব

চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা–কর্মচারীদের চাকরি পুনর্বহন ও বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামী–সমর্থিত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম। তিনি বলেন, জামায়াত সরকার গঠন করতে পারলে এসব কর্মকর্তা–কর্মচারীর প্রতি অবিচার দূর করা হবে।
শুক্রবার (৩০ নভেম্বর) বিকেলে বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। শনিবার সভার ২ মিনিট ৫ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।
ভিডিওতে জহিরুল ইসলামকে ইসলামী ব্যাংকের কিছু শীর্ষ কর্মকর্তার সমালোচনা করতে দেখা যায়। তিনি অভিযোগ করেন, ‘কিছু ব্যাংকার ইসলামী ব্যাংককে কলঙ্কিত করতে ষড়যন্ত্র করছে। আপনার ছেলে বা মেয়ে যদি চাকরিচ্যুত হতো, কেমন লাগত? আপনি রিজিকের ওপর আঘাত করেছেন, এর জবাব আল্লাহ দেবেন।’
চাকরিচ্যুতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, ‘যারা কারও রিজিকে আঘাত করার জন্য, ব্যক্তিগত সম্মান বা সম্পদে আঘাতের উদ্দেশ্যে চাকরিচ্যুতি ঘটায়—আল্লাহ তাদের বিচার করবেন।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য শহিদুল মোস্তাফা, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোক্তার হোছাইন সিকদার ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আরিফুল্লাহ প্রমুখ।
মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে মাওলানা জহিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরে বার্তা পাঠিয়েও কোনো জবাব পাওয়া যায়নি।



