বিভিন্ন স্থানে পাঁচ গাড়িতে আগুন, আহত ২

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন জেলার যানবাহন আগুন এবং ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত, অর্থাৎ হাসিনার রায় ঘোষণার আগ পর্যন্ত সময়ে এসব ঘটনা ঘটে। দেশের অন্তত সাতটি জেলায় এসব এসব ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকার সাভারে দুটি ও ধামরাইয়ে একটি বাসে আগুন দেয়ার ঘটনাসহ নারায়নগঞ্জে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জে সড়কে গাছ কেটে অবরোধ অ্যাম্বুলেন্সে আগুন, কিশোরগঞ্জে ও বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন দুজন। গাজীপুরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে আগুন ও ককটেল বিস্ফোরণ হয়েছে। সিলেটেও আগুনে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
সাভার–ধামরাই- ঢাকার ধামরাই ও সাভার উপজেলায় রোববার রাতে প্রায় এক ঘণ্টার মধ্যে দুটি বাসে আগুন দেয়া হয়। এ ছাড়াও আজ ভোরে সাভারে আরেকটি মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত আনুমানিক ১০টার দিকে ধামরাই এলাকার ঢুলিভিটা বাসস্ট্যান্ডের কাছে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে দুটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি এসে ডি-–লিংক পরিবহনের পার্ক করা একটি বাসের পেছনের জানালা ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেয়। এরপর মোটরসাইকেল নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়।
পরে স্থানীয় লোকজন পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে বাসের ভেতরের অধিকাংশ আসন পুড়ে গেছে। এর আধা ঘণ্টা পর সাভারের বিরুলিয়া বেড়িবাঁধ–সংলগ্ন বটতলা এলাকায় অন্য একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সাভার মডেল থানার পুলিশ জানায়, রাত সাড়ে আটটার দিকে আলিফ পরিবহনের বাসটি পার্ক করে বাড়িতে খাবার খেতে যান মালিক আমজাদ হোসেন। রাত পৌনে ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভান। সাভারের আশুলিয়ায় সড়কে দাঁড়িয়ে থাকা আরেকটি মিনিবাসে আজ সোমবার ভোরে আগুন দেয়া হয়।
মানিকগঞ্জ– মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা ও আশপাশে আধা ঘণ্টার ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই রিকশাচালক আহত হয়েছেন। গতকাল রোববার রাতে মানিকগঞ্জ শহরে এ বিস্ফোরণ ঘটে। আহত দুই ব্যক্তি হলেন মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া এলাকার সাগর হোসেন ও বেউথা এলাকার নবীন হোসেন। তাঁদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সূত্র বলছে, গতকাল রাত ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অদম্য ৭১ ভাস্কর্যের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এর প্রায় আধা ঘণ্টা পর বাসস্ট্যান্ডের অদূরে পৌর সুপারমার্কেটের সামনে দুর্বৃত্তরা আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে রিকশাচালক সাগর ও নবীন আহত হন। পরে তাঁদের জেলা সদর হাসপাতালে নেয়া হয়।
কিশোরগঞ্জ- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়কের পাশের একটি গাছ কেটে সড়ক অবরোধ করেন একদল ব্যক্তি। গতকাল রাত দেড়টার দিকে হওয়া এ ঘটনায় কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে সড়ক চলাচলের উপযোগী করে। ওদিকে কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অ্যাম্বুলেন্সটি পুড়ে যায়।
সিলেট- সিলেটের পাঠানটুলা এলাকায় নবাবী মসজিদের পাশে গতকাল রাত দেড়টার দিকে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়ি মেরামতের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়ি মেরামতের দোকান পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। পুলিশ জানায়, স্থানীয় লোকজন আগুন লাগার ঘটনা দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীও আগুন নেভাতে সহায়তা করেন। রাত পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।



