বিজ্ঞাপন
বাংলাদেশ

বিয়ের ১৩ দিনের মাথায় ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় স্ত্রীর সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বিয়ের মাত্র ১৩ দিনের মাথায় আসিফ (২৬) নামের এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে লাশ নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসীরা।

শনিবার (১৫ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার সৈয়দপুর এলাকায় অবরোধ করেন তারা। এর আগে, গত ৮ নভেম্বর সদর দক্ষিণ উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে আসিফকে ছুরিকাঘাত করা হয়। শুক্রবার (১৪) সকালে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, নিহত আসিফের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কেন্ডা গ্রামে।

বিজ্ঞাপন

নিহত আফিসের স্বজনদের অভিযোগ, নিহত আসিফের স্ত্রীর সঙ্গে বাপ্পি নামের এক যুবকের বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল। গত ৮ নভেম্বর সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে অলির বাজারে ঘোরাঘুরি শেষে হেঁটে বাড়ি ফেরার সময় আবদুল্লাহপুর সাদিয়া দারুল উলুম মাদ্রাসার সামনে আগে থেকে ওত পেতে থাকা বাপ্পি ও পারভেজ নামের দুই যুবক আসিফকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় আসিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিএমইউ হাসপাতালে নেওয়া হলে শুক্রবার সকালে তিনি মারা যান।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘আসিফের মৃত্যুর ঘটনাটি সদর দক্ষিণ থানার। তার স্বজনেরা দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে চৌদ্দগ্রামের সৈয়দপুর এলাকায় অবরোধ করেন। মহাসড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি পুলিশের মহাপরিদর্শক ও কুমিল্লা পুলিশ সুপার জেনেছেন। আমরা দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা মহাসড়কের অবরোধ তুলে নেয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button